মার্কিন বাহিনী শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে পালাবে: ইসমাইল কানি

রিয়াদ, ৫ এপ্রিল – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি মন্তব্য করেছেন মার্কিন বাহিনী শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে পালাতে বাধ্য হবে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইসমাইল কানি জানান ইয়েমেনের স্বাধীনতাকামী যোদ্ধা ও সাধারণ জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের বাহিনী লোহিত সাগর ও সংশ্লিষ্ট অঞ্চল থেকে পালিয়েছে এবং দুই সপ্তাহ ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে একটি বানোয়াট গল্প প্রচার করেছে। পোস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের তীব্র সমালোচনা করেন এই কুদস ফোর্স কমান্ডার।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা উচিত। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসমাইল কানির এই বক্তব্য প্রকাশ্যে এলেও তার বেঁচে থাকা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা রয়েছে। এর আগে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইরান তা সরাসরি গুজব বলে উড়িয়ে দেয় এবং একে ইসরায়েলের মিথ্যা অপপ্রচার হিসেবে আখ্যায়িত করে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









