জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ঢাকা, ৫ এপ্রিল – সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। রবিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে কণ্ঠভোটে তা পাস হয়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

পাস হওয়া বিলের বিধানে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। যেসব পদে নিয়োগের বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেখানেও এখন থেকে এই নতুন বয়সসীমা প্রযোজ্য হবে। তবে অপরিবর্তিত উচ্চতর বয়সসীমায় যেসব পদের নিয়োগ বিধিমালায় এর আগে ৩৫, ৪০ বা ৪৫ বছর নির্ধারিত ছিল, সেই ক্ষেত্রে আগের উচ্চতর বয়সসীমাটিই বহাল থাকবে।

এর ফলে কারও সুযোগ সংকুচিত হবে না। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব বিদ্যমান বিধিমালা অপরিবর্তিত থাকবে। শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ করে দিতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে এই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে বলে বিলের বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ রহিত করে সেগুলোকে স্থায়ী আইনি রূপ দিতে এই নতুন বিলটি আনা হয়েছে, যা আগের কিছু কারিগরি জটিলতা ও অস্পষ্টতা দূর করবে।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language