ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দিচ্ছে না ফ্রান্স

প্যারিস, ৫ এপ্রিল – ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না বলে স্পষ্ট জানিয়েছে ফ্রান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন। তিনি জানান যে ইসরায়েলকে ফ্রান্স নতুন করে কোনো অস্ত্র দিচ্ছে না। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য আইরন ডোমের কিছু সাধারণ যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।
এর বাইরে কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনরায় রপ্তানির উদ্দেশ্যে অনুমোদিত হয়েছে যার একটি অংশ ফরাসি সশস্ত্র বাহিনীর নিজস্ব প্রয়োজনেও ব্যবহার করা হয়। এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে ফ্রান্স অংশগ্রহণ করবে না।
ম্যাক্রোঁর এমন কঠোর অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেছেন ফ্রান্সকে আর ইসরায়েলের প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ম্যাক্রোঁর সমালোচনা করে অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী ভূমিকার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট নীরবতা পালন করছেন।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









