গ্যাস সংকটে ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ

সিলেট, ৫ এপ্রিল – জ্বালানি সংকটের সম্ভাব্য বিরূপ প্রভাব এড়াতে দেশের সার কারখানাগুলোতে উৎপাদন সচল রাখার স্বার্থে জ্বালানি রেশনিং বা নিয়ন্ত্রিত বণ্টন পদ্ধতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক জরুরি সভায় দেশের বৃহত্তম সার কারখানাগুলোতে আগামী তিন মাস রেশনিং পদ্ধতিতে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল দুপুর থেকে ফেঞ্চুগঞ্জের এই কারখানায় উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং ইরান ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ তৈরি হতে পারে।
এই অনিশ্চয়তা মোকাবিলায় গ্যাস সরবরাহের নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তবে আগামী মে ও জুন মাসে শাহজালাল সার কারখানায় পুনরায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে ওই চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে। কারখানার জিএম অ্যাডমিন সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সরকারি নির্দেশনার আলোকেই ৩ এপ্রিল থেকে সার কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









