ইরান ও মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি প্রকাশ বন্ধ করল মার্কিন কোম্পানি

তেহরান, ৫ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্যাটেলাইট ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন স্যাটেলাইট ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস। শনিবার গ্রাহকদের কাছে পাঠানো এক ইমেইলে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে। বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রশাসন অনির্দিষ্টকালের জন্য স্যাটেলাইট চিত্র সরবরাহকারীদের ছবি প্রকাশ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি প্রকাশের ওপর এমন বিধিনিষেধ এবারই প্রথম নয়।
এর আগে প্রাথমিকভাবে ৯৬ ঘণ্টার বিলম্ব আরোপ করা হয়েছিল। পরবর্তীতে গত মাসে ওই অঞ্চলের স্যাটেলাইট ছবি প্রকাশের ক্ষেত্রে ১৪ দিন বিলম্বের সিদ্ধান্ত নেয় প্ল্যানেট ল্যাবস। অর্থাৎ ছবি তোলার দুই সপ্তাহ পর তা প্রকাশ করা হতো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিপক্ষ যেন এসব ছবি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর হামলা চালাতে না পারে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্ল্যানেট ল্যাবস গত ৯ মার্চের পর থেকে তোলা কোনো ছবি আর প্রকাশ করবে না এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার আশা প্রকাশ করেছে।
২০১০ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক সাবেক বিজ্ঞানীর হাত ধরে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই কোম্পানির যাত্রা শুরু হয়। গ্রাহকদের পাঠানো ইমেইলে প্রতিষ্ঠানটি জানায়, তারা ছবিগুলোর নিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থায় যাবে যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়। নতুন ব্যবস্থায় প্রতিটি ছবির গুরুত্ব, অভিযানের ধরন এবং জনস্বার্থ বিবেচনা করে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরানকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ছবি পাওয়া থেকে পুরোপুরি বিরত রাখতে পারবে না। তেহরান চাইলে যুক্তরাষ্ট্রের শত্রু ভাবাপন্ন দেশগুলোর কাছ থেকে এসব স্যাটেলাইট চিত্র সংগ্রহ করতে পারে।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









