আইন-আদালত

জুলাই আন্দোলন: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ঢাকা, ৫ এপ্রিল – জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ট্রাকচালক সুজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। রবিবার মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এবং পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গত ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক শংকর কুমার ঘোষ এই চার্জশিট দাখিল করেন।

আগামী বুধবার চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। চার্জশিটভুক্ত অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জাহাঙ্গীর কবীর নানক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার এবং সলিমউল্লাহ সলু।

মামলার এজাহার থেকে জানা যায় জুলাই আন্দোলন চলাকালে গত ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বছিলা রোডে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে এবং নির্দেশনায় হত্যার উদ্দেশ্যে একটি শান্তিপূর্ণ মিছিলের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে গুলি বর্ষণ করা হয়। ওই সময় ট্রাকচালক সুজন নিজের গাড়িটি মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন লাউতলা পার্কিংয়ে রাখার জন্য বের হন।

ঘটনাস্থলে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২২ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language