খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বৈসাবি উৎসব উপলক্ষে নিরাপত্তা বাহিনীর সমন্বয় সভা

খাগড়াছড়ি, ৫ এপ্রিল – পাহাড়ে আসন্ন বৈসাবি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

বিভিন্ন উপজেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। সভায় তিনি আসন্ন পাহাড়ি সামাজিক উৎসব বৈসাবি যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে বিষয়ে সব সম্প্রদায়ের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একইসঙ্গে এই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে বলে তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান এই সেনা কর্মকর্তা। এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় খাগড়াছড়ি জেলা পুলিশ, বিজিবি, আনসার এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ জেলার বৈসাবি উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language