আইন-আদালত

শাপলা চত্বর মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে ৭ জুন পর্যন্ত সময় দিল ট্রাইব্যুনাল

ঢাকা, ৫ এপ্রিল – মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ জুনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম শেষ করতে ট্রাইব্যুনাল আরও দুই মাস সময় মঞ্জুর করেছে।

এর আগে গত ৩১ মার্চ শাপলা চত্বরের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। এই আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বিশাল সমাবেশ করেছিল হেফাজতে ইসলাম। সেই সমাবেশ রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছত্রভঙ্গ করে দেয়। শাপলা চত্বরের এই স্পর্শকাতর মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য তদন্তকারী সংস্থা ইতোমধ্যে বেশ কয়েক দফা সময় নিয়েছে।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language