‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে বিএনপি

ঢাকা, ৫ এপ্রিল – সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে এই বৈঠক চলে। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বৈঠকে মূলত সরকারের ৪৭ দিনের কাজের মূল্যায়ন এবং জ্বালানি তেলের সংকট মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই বাস্তবায়ন করা হবে। তবে যেসব বিষয়ে আগে থেকেই ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া ছিল, সেগুলো বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা নেই। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ও গুম কমিশন নিয়ে ড. মঈন খান জানান, গুম কমিশন বাতিল করা হচ্ছে না। বরং আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে এতে কিছু সংশোধনী আনা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া ১৩৩টি অধ্যাদেশের বেশিরভাগই স্বয়ংক্রিয়ভাবে পাস হয়ে যাবে। তবে কিছু অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে দেখা হবে।
বৈঠকে জামায়াতে ইসলামী বা এনসিপি প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি বলে তিনি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রে বিরোধী দল না থাকলে এর প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় না এবং তারা তাদের নিজস্ব রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। নির্ধারিত আলোচ্যসূচির বাইরে গিয়ে বিএনপি মহাসচিব দলের কাউন্সিলের বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। এ বিষয়ে ড. মঈন খান মন্তব্য করেন যে, বর্তমান বাস্তবতায় খুব শিগগিরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়া সম্ভব বলে তিনি মনে করছেন না।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









