বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল ব্যাহত

ঢাকা, ৫ এপ্রিল – বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার সকাল ১০টার দিকে মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি এলাকায় এই অবরোধ কর্মসূচি শুরু করেন প্রায় সাত থেকে আটশ পোশাককর্মী। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ জানায়, শ্রমিকদের অবরোধের কারণে তেজগাঁও থেকে মহাখালী হয়ে উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও রুটে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি মোকাবিলায় এবং জনভোগান্তি কমাতে পুলিশ তাৎক্ষণিকভাবে বিভিন্ন সড়কে যান চলাচলের বিকল্প পথ বা ডাইভারশন চালু করে। যাত্রীদের যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মহাখালী ফ্লাইওভার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া কাকলী থেকে বামে মোড় নিয়ে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান, নতুন বাজার, রামপুরা বা হাতিরঝিল যাওয়ার রুট ব্যবহারেরও নির্দেশনা দেয় পুলিশ। একইভাবে বিপরীত দিক থেকেও যান চলাচলের ব্যবস্থা করা হয়। এরপর বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের দাবি জানিয়ে রাস্তা থেকে সরে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।
এস এম/ ৫ এপ্রিল ২০২৬









