জাতীয়

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: কারখানা পরিদর্শন করে আর্থিক সহায়তা ঘোষণা শ্রমমন্ত্রীর

ঢাকা, ৫ এপ্রিল – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত গ্যাস লাইট কারখানা পরিদর্শন করেছেন। শনিবার ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান।

সেখানে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের পাশে কিছু সময় কাটান এবং তাদের চিকিৎসার খোঁজ নেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী। এ ছাড়া আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলার জেলা প্রশাসককেও পৃথক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। অবহেলার কারণে কোনো শ্রমিকের জীবন যেন বিপন্ন না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language