উত্তর আমেরিকা

ইরানে ভূপাতিত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধারের বিষয়ে যা বললেন ট্রাম্প

ওয়াশিংটন, ৫ এপ্রিল – ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলট এবং অপর এক ক্রুকে সফলভাবে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা।

রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছিল যে, শনিবার রাতে ওই ক্রুকে এবং বিমান ভূপাতিত হওয়ার দিন শুক্রবার পাইলটকে উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। উদ্ধার হওয়া ক্রু মেম্বার একজন অত্যন্ত সম্মানিত কর্নেল এবং তিনি বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান, ইরানের দুর্গম পাহাড়বেষ্টিত অঞ্চলে আটকে পড়া ওই সেনাকে উদ্ধারের জন্য মার্কিন সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করেছে। তাকে ফিরিয়ে আনতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্রে সজ্জিত একাধিক বিমান পাঠানো হয়। উদ্ধার হওয়া ক্রু কিছুটা আহত হলেও দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

এর আগের দিন শুক্রবার আরেকজন সাহসী পাইলটকে উদ্ধার করার কথাও জানান ট্রাম্প। দ্বিতীয় উদ্ধার অভিযানটি যেন কোনো ঝুঁকির মুখে না পড়ে, সে জন্যই প্রথম অভিযানের কথা শুরুতে গোপন রাখা হয়েছিল।

ট্রাম্প দাবি করেন, সামরিক ইতিহাসের সাম্প্রতিক সময়ে এটি একটি বিরল ঘটনা, যেখানে দুজন মার্কিন সেনাকে শত্রুর সীমানার অনেক গভীর থেকে আলাদাভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিনা ক্ষয়ক্ষতিতে এই দুঃসাহসী অভিযান সম্পন্ন হওয়া প্রমাণ করে যে, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ আধিপত্য রয়েছে। তিনি এই ঘটনাকে সকল আমেরিকানের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করে মার্কিন সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রশংসা করেন।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language