চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জেরে গুলি ও হামলায় আহত চার

চট্টগ্রাম, ৫ এপ্রিল – চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের শরীরে গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে বাকলিয়ার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মোঃ হাসান, জসিম, ইসমাইল মিয়া এবং ১২ বছর বয়সী শিশু ফাহিম। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের পায়ে ছররা গুলি এবং শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাত রয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, এলাকায় আধিপত্য কায়েম করার লক্ষ্যে মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় গুলিও ছোড়া হয়। তবে হামলায় প্রতিপক্ষের কেউ আহত না হলেও পথচারী, অটোরিকশাচালক এবং স্থানীয় ময়দার মিলের কর্মচারী হামলার শিকার হন।
পুলিশ জানিয়েছে, মোরশেদ খান নগর পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর ২০২৪ সালের আগস্ট মাসে এলাকায় ফিরে আসেন। এরপর থেকেই এলাকায় আধিপত্য নিয়ে নতুন করে বিরোধের সৃষ্টি হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, পূর্ব বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে মোরশেদ খানের পাঁচ অনুসারীকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬









