টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল, ৫ এপ্রিল – টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি পিকআপভ্যান ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

শনিবার রাতে উপজেলার তক্তারচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলো উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন এবং হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য শিউলী বেগমের ছেলে ইয়ানুর। তারা দুজনেই স্থানীয় খোশবাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। এছাড়া গুরুতর আহত মাহির হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তক্তারচালা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল প্রাণ হারায়।

ইয়ানুর ও মাহিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় ইয়ানুরও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক পিকআপভ্যানটিকে শনাক্ত করার জন্য জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language