ক্রিকেট

বিসিবির স্পেশালিস্ট স্পিন কোচ হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ রফিক

ঢাকা, ৪ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্পেশালিস্ট স্পিন কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক।

শনিবার বোর্ড সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। দেশে স্পিন বোলিং কোচের ঘাটতি পূরণে রফিককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত পেস বোলিং কোচ থাকলেও স্পিন কোচের তীব্র সংকট রয়েছে। বিষয়টি বিসিবির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিজস্ব স্পিন কোচ তৈরির উদ্যোগ হিসেবেই মোহাম্মদ রফিককে বেছে নেওয়া হয়েছে। তিনি এখনই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন।

ভবিষ্যতে আরও কয়েকজন স্পিন কোচ তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। ক্রিকেট বিকেন্দ্রীকরণের এই সময়ে বিশেষজ্ঞ জনবলের অভাব দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মোহাম্মদ রফিক ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন। দেশের হয়ে ৩৩টি টেস্টে ১০০ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া ১২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১২৫টি এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন তিনি।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language