উত্তর আমেরিকা

ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, অন্যথায় নেমে আসবে নরক

ওয়াশিংটন, ৪ এপ্রিল – আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে এই দুই শর্ত মানতে ব্যর্থ হলে ইরানের ওপর ভয়াবহ পরিণতি বা নরক নেমে আসবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প তার আগের একটি আল্টিমেটামের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, ইরানকে চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য তিনি দশ দিন সময় দিয়েছিলেন। সেই সময় ফুরিয়ে আসছে এবং তাদের ওপর নরক নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি পারমাণবিক অস্ত্রমুক্ত ইরানের প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে গত ২১ মার্চ ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। পরবর্তীতে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়ে তিনি সেই সিদ্ধান্ত স্থগিত করেন এবং সময়সীমা পিছিয়ে আগামী সোমবার রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করেন।

এদিকে দক্ষিণ ইরানের আকাশে আমেরিকার একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এই নতুন উত্তেজনা তৈরি হলো। বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধার করা গেলেও একজন ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ওই সেনার সন্ধানে তল্লাশি চালাচ্ছে মার্কিন ও ইরানি বাহিনী। এমনকি তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে ইরান।

এছাড়া বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, সেখানে তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি, তবে তারা সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language