যুক্তরাষ্ট্রে কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনি গ্রেপ্তার

ওয়াশিংটন, ৪ এপ্রিল – ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনিকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে শনিবার জানানো হয় যে ফেডারেল এজেন্টরা শুক্রবার তাদের গ্রেপ্তার করেছে।
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনির স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে হামিদেহ সোলেইমানি আফশার এবং তার কন্যা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা বা আইসিই এর হেফাজতে রয়েছেন।
২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলেইমানি। তার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে হামিদেহ সোলেইমানি আফশার ও তার মেয়েকে নিয়ে উদ্বেগ তৈরি হয়।
হামিদেহ আফশার এতদিন বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একদল আন্দোলনকারী তাকে দেশটি থেকে বিতাড়িত করার দাবিতে একটি গণপিটিশন দায়ের করে। ওই পিটিশনে উল্লেখ করা হয়েছিল যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ইরানি সামরিক কমান্ডারের আত্মীয়।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









