জাতীয়

আমরা শুধু সংস্কার চাই না, তা বাস্তবায়নও করব: মির্জা ফখরুল

হবিগঞ্জ, ৪ এপ্রিল – মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের পরিচয়, গর্ব এবং অস্তিত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একাত্তরের চেতনাকে ধারণ করেই জাতি বারবার সামনের দিকে এগিয়ে গেছে এবং ভবিষ্যতেও যাবে।

শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধের প্রথম সদর দপ্তর ঐতিহাসিক তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা ও জনতার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ কখনোই অন্যায়কে মেনে নেয় না। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্য যারা সংগ্রাম করেছিল, পরবর্তী সময়ে তারাই আবার পাকিস্তানি শোষণের বিরুদ্ধে লড়াই করেছে। একইভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র, জনতা এবং যুবকেরা সংগ্রাম করে তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। এটি জাতির জন্য আরেকটি গৌরবের ইতিহাস।

বিএনপি জুলাইয়ের এই ছাত্র জনতার অভ্যুত্থানকে সব সময় হৃদয়ে ধারণ করে। বিএনপি জুলাই অভ্যুত্থানকে স্বীকার করে না বলে কিছু রাজনৈতিক দল যে অপপ্রচার চালাচ্ছে, তাকে ডাহা মিথ্যা বলে আখ্যায়িত করেন তিনি। একইসঙ্গে বিএনপি রাষ্ট্রীয় সংস্কার চায় না বলে যারা দাবি করছেন, তারাও জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন ফখরুল।

তিনি স্পষ্টভাবে জানান, দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বিএনপি অতীতেও সংস্কারের আন্দোলন করেছে এবং ভবিষ্যতেও এই সংস্কার বাস্তবায়ন করবে। দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বিএনপির মহাসচিব বলেন, কোনো ধরনের অপকর্ম যেন দলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

দলের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, দলে কোনো বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের দলে রাখা হবে না।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language