যুদ্ধবিরতিতে চূড়ান্ত ও স্থায়ী শর্তের দাবি ইরানের

তেহরান, ৪ এপ্রিল – মাসব্যাপী চলা সংঘাতের অবসান ঘটাতে চূড়ান্ত ও স্থায়ী শর্তের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি অভিযোগ করেছেন যে মার্কিন গণমাধ্যম ইরানের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করছে। আরাগচি জোর দিয়ে জানান, পাকিস্তান সরকারের মধ্যস্থতামূলক ভূমিকার প্রতি তেহরান গভীরভাবে কৃতজ্ঞ এবং তিনি ইসলামাবাদ সফর করতে কখনোই অস্বীকৃতি জানাননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত এবং স্থায়ী সমাপ্তি নিশ্চিত করাই বর্তমানে তাদের প্রধান লক্ষ্য। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এই সংঘাতের সূত্রপাত হয়।
আত্মরক্ষার্থে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করে। বর্তমান পরিস্থিতিতে সংঘাত বন্ধের লক্ষ্যে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এছাড়া চীন ও রাশিয়ার সঙ্গেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে তেহরান ক্ষতিপূরণসহ সুনির্দিষ্ট কিছু দাবি জানিয়ে আসছে।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









