রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: হুইপ দুলু

ঢাকা, ৪ এপ্রিল – দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের চরম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ এবং নাটোর ৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু। হুইপ দুলু আরও জানান, বর্তমান সরকার জুলাই সনদকে ধারণ করে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। সংসদীয় বিতর্কের মাধ্যমেই রাষ্ট্রের এসব সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং বাকস্বাধীনতা রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে নাটোরকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত সুধীজন নাটোরের শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন। পরে ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং নাটোর থেকে আসা বিভিন্ন গুণীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









