জাতীয়

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ঢাকা, ৪ এপ্রিল – গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। শনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন। তার পদত্যাগের পর দেওয়ান আব্দুর রশিদ নিলুকে গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়েছিল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল হিসেবে জোনায়েদ সাকি অংশ নেন। দলটির নিজস্ব প্রতীক মাথাল নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন অর্থাৎ বাঞ্ছারামপুর থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। কিছু দিন পর তাকে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়। সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের স্বার্থেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language