ময়মনসিংহ

জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বৃদ্ধি, ভালুকায় নিত্যপণ্যের বাজার চড়া

ময়মনসিংহ, ৪ এপ্রিল – জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ময়মনসিংহের ভালুকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। বাজারে পণ্যের সরবরাহে বড় কোনো ঘাটতি না থাকলেও পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাতে বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এর ফলে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শনিবার সকালে সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচামালের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

প্রতি কেজি টমেটো ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা এবং বেগুন ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আলুর দাম স্বাভাবিক রয়েছে এবং তা প্রতি কেজি ২০ টাকায় পাওয়া যাচ্ছে। মাছের বাজারে অন্যান্য বড় মাছের দাম অপরিবর্তিত থাকলেও ইলিশের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। গত সপ্তাহে মাঝারি আকারের ইলিশ ১৬০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২৪০০ থেকে ২৫০০ টাকা কেজিতে পৌঁছেছে। এদিকে মুরগির বাজারেও দাম বাড়তির দিকে।

ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টাকা এবং সোনালী মুরগি ২০ টাকা বেড়ে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাজল মিয়া নামের এক বিক্রেতা জানান, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। ফলে বাধ্য হয়েই খুচরা পর্যায়ে দাম বাড়াতে হচ্ছে।

অন্যদিকে ক্রেতারা অভিযোগ করছেন, আগের তুলনায় একই পরিমাণ পণ্য কিনতে এখন অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য তীব্র অর্থনৈতিক চাপ তৈরি করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে এবং পরিবহন ব্যয় কমলে বাজার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language