মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত, দেশগুলোকে ৩ ভাগে বিভক্ত

তেহরান, ৪ এপ্রিল – বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু করেছে ইরান। তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের জাহাজ চলাচলের সুবিধা নির্ধারণ করা হবে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার আওতায় বিশ্বের বিভিন্ন দেশকে ‘শত্রু’, ‘নিরপেক্ষ’ এবং ‘বন্ধুত্বপূর্ণ’ এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণির দেশগুলোকে হরমুজ প্রণালি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হবে।

নিরপেক্ষ দেশগুলোর জাহাজকে পারাপারের জন্য উচ্চহারে ফি পরিশোধ করতে হবে। অন্যদিকে, বন্ধুত্বপূর্ণ দেশগুলো এই রুট ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন অধিকার ভোগ করবে। তেহরান এখনো এই তিন শ্রেণির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। তবে আল জাজিরার তথ্যমতে, পারস্য উপসাগরীয় প্রায় সব আরব দেশকে নিরপেক্ষ অথবা শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে এসব দেশকে হয় উচ্চ ফি দিতে হবে, নতুবা হরমুজ প্রণালি ব্যবহারের অধিকার হারাতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনায় পাল্টা হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলায় সমগ্র মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে ওঠে। জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে ইরানের এই কড়াকড়িতে বিশ্ব জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। রুশ সংবাদমাধ্যম তাস এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language