ফুটবল

বিশ্বকাপের ঠিক আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল

ওয়াশিংটন, ৪ এপ্রিল – ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হওয়ার ঠিক আগের দিন নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। এর ঠিক একদিন আগে ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা। পর্তুগিজ ফুটবল ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

বড় এই আসরে মাঠে নামার আগে শেষ ধাপে মোট দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল দল। সূচি অনুযায়ী ৬ জুন চিলির বিপক্ষে প্রথম এবং ১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অবতীর্ণ হবে তারা। চিলির বিপক্ষে ম্যাচটি লিসবনের ওয়েইরাসে অনুষ্ঠিত হবে। তবে নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের ভেন্যু এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ম্যাচটি লেইরিয়াতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আরও দুটি ম্যাচ খেলেছে পর্তুগাল।

মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করলেও যুক্তরাষ্ট্রকে ২ শূন্য গোলে হারিয়েছে তারা। তবে চোটের কারণে এই দুটি ম্যাচেই দলের বাইরে ছিলেন নিয়মিত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আসন্ন ম্যাচগুলোতে তার খেলা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। আসন্ন বিশ্বকাপে গ্রুপ কে তে খেলবে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো বাহিনী। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো উজবেকিস্তান এবং কলম্বিয়া।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language