বরিশাল

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চরমোনাইয়ের তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল

বরিশাল, ৪ এপ্রিল – ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। গত ১ এপ্রিল জোহরের নামাজের পর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এই সুবিশাল ধর্মীয় সমাবেশের সূচনা হয়। শনিবার সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্যমে এই মিলনমেলার সমাপ্তি ঘটে। সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ প্রতিনিয়ত মহান আল্লাহকে ভুলে নাফরমানি করছে।

অথচ একজন মানুষ কবরে গিয়ে ক্ষমা না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করা উচিত। তাই তাকওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, যার অন্তরে আল্লাহর ভয় নেই, সে আলেম, মুফতী বা পীর হলেও তার কোনো প্রকৃত মূল্য নেই। মাহফিল বাস্তবায়নের সঙ্গে যুক্ত সকলের প্রতি পীর সাহেব চরমোনাই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশগ্রহণকারী প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ওলামায়ে কেরাম ও গণমাধ্যমকর্মীদের তিনি মোবারকবাদ জানান।

আখেরী বয়ান শেষে তিনি উপস্থিত মুসল্লিদের বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন এবং সঠিক পথে জীবন পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি সবাইকে তাওবা করিয়ে পাপ থেকে বিরত থাকার শপথ পাঠ করান। আখেরী মুনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান ও লেবাননসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এছাড়া গত অগ্রহায়ণ মাহফিল থেকে এ পর্যন্ত মৃত্যুবরণকারী চরমোনাইর প্রায় দেড় হাজার অনুসারীর জন্য বিশেষ দোয়া করা হয়।

এবারের মাহফিলে মূল সাতটি বয়ানের পাশাপাশি দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। মাহফিলে আগত মুসল্লিদের মধ্যে দুজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তারা হলেন নরসিংদীর মাধবদীর কাটালিয়া এলাকার এমদাদুল হাসান এবং টাঙ্গাইলের ভূঞাপুরের মো. তালহা। জানাজা শেষে মাহফিল হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া চরমোনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এবার দুই সহস্রাধিক মুসল্লিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি এবারের মাহফিলে দুজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language