নিখোঁজ মার্কিন পাইলটকে ধরতে ইরানে পুরস্কার ঘোষণা

তেহরান, ৪ এপ্রিল – ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রুকে খুঁজে বের করতে পারলে সাধারণ নাগরিকদের জন্য পুরস্কার ঘোষণা করেছে একটি ইরানি টেলিভিশন চ্যানেল। শুক্রবার সম্প্রচারিত এক ঘোষণায় চ্যানেলটির সংবাদ উপস্থাপক জানান, নিখোঁজ মার্কিন ক্রুকে আটক করতে সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, শত্রুপক্ষের পাইলট বা ক্রুকে জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিলে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
প্রায় ১৫ হাজার ৫০০ বর্গকিলোমিটার আয়তনের কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশটি মূলত একটি দুর্গম পাহাড়ি অঞ্চল। পরিস্থিতি বিবেচনায় ইরানি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি প্রদেশেও তল্লাশি চালানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছে। টেলিভিশনের পর্দায় সন্দেহভাজন কাউকে দেখামাত্র গুলি করার আহ্বানও জানানো হয়। পুরস্কার ঘোষণার পর স্থানীয় অনেক বাসিন্দা ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
তবে ইরানের সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি সতর্ক করে বলেছে, ধরা পড়ার পর ওই পাইলটের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার বা তাকে লাঞ্ছিত করা যাবে না। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের গভর্নর নিখোঁজ মার্কিন পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ বিলিয়ন তুমান বা প্রায় ৮১ লাখ টাকা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইরান আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে। দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এফ ১৫ই মডেলের। এই মডেলের যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং পেছনে একজন ওয়েপন সিস্টেম অফিসার থাকেন। সংবাদমাধ্যম এক্সিওস ও সিবিএস নিউজ জানিয়েছে, বিমানের দুই পাইলটের একজনকে ইতোমধ্যে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে এবং দ্বিতীয়জনের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে নিখোঁজ সেনার খোঁজে মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমানকে ইরানের ওই পাহাড়ি এলাকার আকাশে চক্কর দিতে দেখা গেছে।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









