আফ্রিকা

সুদানের হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নি*হত ১০

খারতুম, ৪ এপ্রিল – সুদানের দক্ষিণ মধ্যাঞ্চলের হোয়াইট নাইল অঙ্গরাজ্যের আল জাবালাইন হাসপাতালে এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদআউট বর্ডারস বা এমএসএফ শুক্রবার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, হাসপাতালে দুটি ড্রোন আঘাত হেনেছে।

এর একটি অপারেশন থিয়েটারে এবং অপরটি মাতৃত্বকালীন ওয়ার্ডে আঘাত করে। সংস্থাটি ধারণা করছে, এই হামলাটি সম্ভবত সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ চালিয়েছে। সুদানে এমএসএফ এর জরুরি বিভাগের প্রধান এস্পেরাঞ্জা সান্তোস জানিয়েছেন, এই অগ্রহণযোগ্য হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতজন চিকিৎসাকর্মী রয়েছেন, যাদের কেউ কেউ অতীতে এমএসএফ এর সঙ্গে কাজ করেছেন। তিনি আরও জানান, শিশুদের টিকাদান কর্মসূচি চলাকালে এই হামলা হওয়ায় ঘটনাটি আরও বেশি মর্মান্তিক হয়ে উঠেছে।

নিহতদের পরিবার ও সাবেক সহকর্মীদের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে চলমান সংঘাতের জেরে স্বাস্থ্যখাতের ওপর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবেই এই হামলাকে দেখা হচ্ছে। একই দিনে হোয়াইট নাইল প্রদেশের রাজধানী রাবায় একটি চিকিৎসা সরঞ্জামের গুদামেও হামলা চালানো হয়। স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, মার্চ মাস থেকে বিভিন্ন প্রদেশে ড্রোন হামলার কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দুই শতাধিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। গত মাসেই দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছিলেন। এদিকে, সুদানের সংস্কৃতি, তথ্য ও পর্যটনমন্ত্রী খালিদ আলেইসির এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আরএসএফ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাশাপাশি দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এস এম/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language