শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, মাত্রা ৬.১

করাচী, ৪ এপ্রিল – শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার রাতে রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর বা পিএমডি এই তথ্য নিশ্চিত করেছে। পিএমডির তথ্য অনুযায়ী শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কারণে ইসলামাবাদ, চিত্রাল, পেশাওয়ার, সোয়াত ও শাংলাসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।
এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে যে তাদের স্কেলে হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যার গভীরতা ছিল ১৭৭ কিলোমিটার। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে রাওয়ালপিন্ডি, আজাদ জম্মু ও কাশ্মীর, গিলগিট বালতিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে।
এস এম/ ৪ এপ্রিল ২০২৬









