নিজস্ব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

তেহরান, ৪ এপ্রিল – নতুন উন্নত নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান।
শুক্রবার দেশটির খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান। তিনি বলেন ইরানের নিজস্ব নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইব্রাহিম জুলফাগারি মার্কিন প্রেসিডেন্টের সেই দাবিকে মিথ্যা বলে আখ্যায়িত করেন।
তিনি উল্লেখ করেন মার্কিন বিমান ভূপাতিত হওয়ার এই ঘটনাই ট্রাম্পের দাবির অসারতা প্রমাণ করে।
কেশম দ্বীপের দক্ষিণে একটি উন্নত শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে এই হামলা চালানো হয় যা কেশম এবং হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের মোট দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। এর মধ্যে প্রথমটি ছিল এফ ১৫ই মডেলের মার্কিন যুদ্ধবিমান যা ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত হয়। দ্বিতীয়টি এ ১০ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান যা হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়।
খাতাম আল আনবিয়া সদর দপ্তরের এই মুখপাত্র মূলত দ্বিতীয় যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার বিষয়েই বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









