বায়তুল মোকাররমে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ, ৭ এপ্রিল শীর্ষ বৈঠক

ঢাকা, ৪ এপ্রিল – জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য আজ শনিবার বিকেলে রাজধানীতে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী ৭ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে সরকারি দল সংসদ পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে অগ্রসর হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন সরকার প্রকৃত সংস্কারকে ধামাচাপা দিয়ে সংবিধানে কেবল কিছু সংশোধনী আনতে চাইছে।
এই পরিস্থিতিতে রাজপথের দুর্বার আন্দোলন ছাড়া ১১ দলীয় জোটের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই বলে তিনি মন্তব্য করেন।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









