দুবাই মেরিনায় ইরানের ড্রোন হামলা, ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবন

আবুধাবি, ৪ এপ্রিল – সংযুক্ত আরব আমিরাতের দুবাই মেরিনায় ড্রোন বা মিসাইল হামলা চালিয়েছে ইরান। শনিবার সকালে চালানো এই হামলা প্রতিহত করার চেষ্টা করে আমিরাত। আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ড্রোন বা মিসাইলের কিছু অংশ দুবাই মেরিনার একটি ভবনে আঘাত হানে।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে এই ঘটনায় কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন মিসরীয় নাগরিক নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন মিসরের নাগরিক।
হাবসান গ্যাস স্থাপনাটি আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী হামলার পর সেখানে আগুন ধরে যায় এবং স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। প্রাথমিকভাবে সামরিক অবকাঠামোতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বাণিজ্যিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তবে দুবাই মেরিনায় শনিবারের হামলায় নির্দিষ্টভাবে কোনো মার্কিন প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়েছে কি না তা এখনো নিশ্চিত করা যায়নি।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









