সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

ঢাকা, ৪ এপ্রিল – মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। শুক্রবার ৩ এপ্রিল অনুষ্ঠিত এই চরম উত্তেজনাকর ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ যুব ফুটবল দলের এই অসামান্য বিজয়ে দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম এবং দলীয় চেতনায় উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে এবং বিদেশে বাংলাদেশের এই বিজয়যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে গৃহীত সকল পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছে।
তরুণ ফুটবলারদের এই ঐতিহাসিক সাফল্য দেশের অগণিত ক্রীড়ামোদী মানুষকে আরও বেশি উজ্জীবিত করবে বলে তিনি গভীরভাবে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি আনুষ্ঠানিকভাবে এই অভিনন্দন বার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএন/ ৪ এপ্রিল ২০২৬









