উত্তর আমেরিকা

ইরানে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, সাগরে আছড়ে পড়ল আরেকটি বিমান

ওয়াশিংটন, ৪ এপ্রিল – ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে এবং একই দিনে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি মার্কিন যুদ্ধবিমান আছড়ে পড়ে।

এফ-১৫ যুদ্ধবিমানে থাকা দুইজন ক্রুর মধ্যে একজনকে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অপর ক্রু এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সামরিক নিয়ম অনুযায়ী এফ-১৫ যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং একজন অস্ত্র সিস্টেম অফিসার দায়িত্ব পালন করেন। অন্যদিকে পারস্য সাগরে আছড়ে পড়া এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানের একমাত্র পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই যুদ্ধবিমানটি হরমুজ প্রণালিতে কোনো বিশেষ সামরিক অভিযানে অংশ নিয়েছিল।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এই সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে। পুরো ঘটনাটি ওই অঞ্চলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।

এনএন/ ৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language