ক্রিকেট

বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগে চিঠি পাঠাল বিসিবি

ঢাকা, ৩ এপ্রিল – মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের অস্বীকৃতি জানানোর পর থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এই চরম অবনতি ঘটা সম্পর্ককে ফের স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে একটি চিঠি পাঠিয়ে আসন্ন সিরিজের বাইরে নতুন কোন উদ্যোগ নেওয়া যায় কি না, সে বিষয়ে প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এই চিঠি পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে তিনি একে দুই বোর্ডের মধ্যকার নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই উল্লেখ করেছেন।

তিনি জানান, সামনে পুরুষ দলের একটি সিরিজ রয়েছে। গত বছর মেয়েদের একটি স্থগিত হয়ে যাওয়া সফর ছিল। এর মাঝে নতুন কিছু আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে যোগাযোগ করা হয়েছে।

বিসিবির এই চিঠির খবর ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমেও গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে। তারা এটিকে বিসিসিআইয়ের সাথে সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। যদিও বিসিসিআই এখনো এই চিঠির কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এফটিপির অংশ হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারতের মাটিতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। কিন্তু অস্বস্তিকর সম্পর্কের জেরে সেই সিরিজটি বাতিল হয়। একইভাবে গত বছরের সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতীয় জাতীয় দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও একই কারণে তা আলোর মুখ দেখেনি।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language