ডিজেল ও গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছাল আরও চার জাহাজ

চট্টগ্রাম, ৩ এপ্রিল – ডিজেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে দেশে পৌঁছেছে আরও চারটি জাহাজ। এর মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল বহনকারী এমটি ইউয়ান জিং হে নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা আরেকটি জাহাজও বন্দরের খুব কাছাকাছি অবস্থান করছে।
শুক্রবার ৩ এপ্রিল দুপুরে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের উদ্দেশ্যে চীনের পতাকাবাহী জাহাজটি ভেড়ানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং শুক্রবার রাতেই তা বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি এলএনজি ও এলপিজি বহনকারী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজ দুটি শনিবার ৪ এপ্রিল নাগাদ বন্দরে ভিড়তে পারে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ডিজেল নিয়ে আসা এটি নবম জাহাজ। দেশের অভ্যন্তরে জ্বালানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি আমদানির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬









