টাঙ্গাইল

মির্জাপুরে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় যুবক আটক

টাঙ্গাইল, ৩ এপ্রিল – টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় রিহান সিকদার নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেপুর বাজার থেকে তাকে আটক করা হয়।রিহান সিকদার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পারভেজ সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রিহান সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে কিছুদিন ধরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেলে ফতেপুর বাজারের ধান ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে তিনি ফের টাকা দাবি করেন। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান বৃষ্টির কারণে বাজারের পাকা শেডে ধান রাখলে রিহান এসে ছবি তোলেন এবং ভয় দেখিয়ে টাকা দাবি করেন। এর আগে দুই দফায় তাকে ১৩ হাজার টাকা দেওয়া হয়েছিল।

মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক সাদেকুর রহমান জানান স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রিহান সিকদারকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language