ইরান যুদ্ধের প্রভাব: পাকিস্তানে এক রাতেই জ্বালানির দাম প্রায় দ্বিগুণ

ইসলামাবাদ, ৩ এপ্রিল – ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের মারাত্মক প্রভাব পড়েছে পাকিস্তানে। এক রাতের ব্যবধানে দেশটিতে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক নতুন এই দাম ঘোষণা করেন। নতুন ঘোষণা অনুযায়ী, দেশটিতে পেট্রোলের দাম প্রায় ৪৩ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ বেড়েছে।
সংবাদ সম্মেলনে জ্বালানিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী এখন থেকে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৪৫৮ দশমিক ৪০ রুপিতে, যা মার্কিন ডলারে ১ দশমিক ৬৪ ডলার। এই দাম শুক্রবার থেকেই কার্যকর করা হয়েছে।
অন্যদিকে, শ্রমিক এবং গণপরিবহন খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি বা ১ দশমিক ৮৬ ডলার।
পাকিস্তানের মন্ত্রী আরও উল্লেখ করেন, এই মুহূর্তে ইরানে চলমান যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সরকার সর্বোচ্চ চেষ্টা করেছিল তেলের দাম স্থিতিশীল রাখতে। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় তারা দাম বাড়াতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর থেকে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ এই উপসাগরীয় নৌপথ দিয়ে পরিবাহিত হয়ে থাকে, যার কারণে বিশ্ববাজারে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬









