জাতীয়

হামের প্রকোপ: চিকিৎসকদের সব ধরনের ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা, ৩ এপ্রিল – দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

আপৎকালীন এই সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর অধীনস্থ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এই আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। হামের সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় সরকার ইতোমধ্যে দেশজুড়ে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি হাসপাতালগুলোতে স্বাভাবিক চিকিৎসাসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এই আদেশটি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সর্বসাধারণের অবগতির জন্য এটি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language