কুয়েতের তেল পরিশোধনাগারে ড্রোন হামলা, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

কুয়েত শহর, ৩ এপ্রিল – কুয়েতের জাতীয় তেল কোম্পানির একটি পরিশোধনাগারে ইরানের ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কুনা এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, মিনা আল আহমাদি পরিশোধনাগারে শুক্রবার সকালে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর ফলে সেখানকার একাধিক ইউনিটে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড একটি অত্যাধুনিক মার্কিন স্টিলথ এফ ৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। শুক্রবার ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানায়।
তারা উল্লেখ করেছে, যুদ্ধবিমানটি ইরানের মধ্যাঞ্চল দিয়ে ওড়ার সময় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় পাইলটের পরিণতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে ইরানের অপর সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, বিমানটি এত দ্রুত বিধ্বস্ত হয়েছে যে পাইলট বের হওয়ার সুযোগ পাননি বলে ধারণা করা হচ্ছে।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬









