সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

চট্টগ্রাম, ৩ এপ্রিল – সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চীনের পতাকাবাহী এই জাহাজটি শুক্রবার দুপুরে তেল খালাসের জন্য বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান মালয়েশিয়া থেকে ডিজেল বহনকারী আরও একটি জাহাজ বন্দরের খুব কাছাকাছি অবস্থান করছে। গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে রওনা দেওয়া জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে এবং শুক্রবার রাতের মধ্যেই সেটি বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এছাড়া চীন থেকে রওনা দেওয়া একটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাতে পারে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা এটি নবম জাহাজ। দেশের অভ্যন্তরে জ্বালানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প বিভিন্ন উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬









