দেশজুড়ে হামের প্রকোপ, এক দিনে পাঁচ শিশুর মৃত্যু

ঢাকা, ৩ এপ্রিল – দেশজুড়ে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। এক দিনেই দেশের পাঁচ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। চিকিৎসকরা শিশুদের জ্বর, সর্দি, কাশি বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে নয়জন ভর্তি হয়েছেন এবং এক শিশুর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পতির আট মাস বয়সী একমাত্র সন্তান আফরান হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত আট দিন ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার ভোরে শিশু ইউনিটের হাম ওয়ার্ডে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সকালে মাসুদা নামের এক শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে নেওয়ার পথেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী শিশু সাফার মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশু প্রাণ হারিয়েছে।
এদিকে গোপালগঞ্জ জেলা হামের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। সেখানে বিভিন্ন হাসপাতালে অন্তত ৪৩ জন শিশু ভর্তি রয়েছে।
নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে ১৩ জন এবং লক্ষ্মীপুরে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
এনএন/ ৩ এপ্রিল ২০২৬









