আফ্রিকা

কঙ্গোয় বিদ্রোহী গোষ্ঠীর বর্বরোচিত হামলায় নি*হত অন্তত ৪৩

কিনশাসা, ৩ এপ্রিল – ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ভয়াবহ হামলায় অন্তত ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার ইতুরি প্রদেশের মামবাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র জুলেস শিকুণ্ডি নগোঙ্গো জানিয়েছেন, হামলাকারীরা ওই এলাকার অন্তত ৪৪টি বসতঘর পুড়িয়ে দিয়েছে। কঙ্গো কর্তৃপক্ষ এই নারকীয় হত্যাযজ্ঞের জন্য উগান্ডাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সকে দায়ী করেছে।

এই গোষ্ঠীটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অনুগত হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসক ব্যাপটিস্ট মুনিয়াপান্ডি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। হামলাকারীরা স্থানীয়দের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং অনেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এছাড়া বেশ কয়েকজন আগুনে পুড়ে মারা গেছেন এবং অন্তত দুজনকে অপহরণ করা হয়েছে। কঙ্গোর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত চলছে।

এর মধ্যে এম২৩ নামের গোষ্ঠীটি সবচেয়ে বেশি আলোচিত, যারা গত বছর পূর্বাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছিল। ২০২১ সাল থেকে কঙ্গো এবং উগান্ডার যৌথ সামরিক বাহিনী অভিযান চালিয়ে আসলেও অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সকে পুরোপুরি নির্মূল করা যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইতুরি এবং নর্থ কিভু অঞ্চলে সাধারণ মানুষের ওপর তাদের হামলার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইটের তথ্যমতে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে পূর্ব কঙ্গোতে বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত সহিংস হামলার প্রায় এক চতুর্থাংশের জন্যই এই গোষ্ঠী দায়ী।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language