উত্তর আমেরিকা

আমি নির্দেশ দিলেই ইসরায়েল যুদ্ধ থামাবে, দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ৩ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণভাবে তার নির্দেশ মেনে চলবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান যে তিনি যদি যুদ্ধ বন্ধের নির্দেশ দেন তবে ইসরায়েলও তাদের আক্রমণ থামিয়ে দেবে। ট্রাম্পের মতে ইসরায়েল তাকে প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করে এবং তার কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনে। তবে তার এই মন্তব্য আগের অবস্থানের চেয়ে কিছুটা ভিন্ন।

এর আগে তিনি বলেছিলেন যে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত পারস্পরিক আলোচনার ভিত্তিতে নেওয়া হবে এবং সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন একটি সাময়িকীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রে এই যুদ্ধের প্রতি জনসমর্থন কমে যাওয়ায় ট্রাম্প এখন ধীরে ধীরে নিজেকে এই পরিস্থিতি থেকে সরিয়ে নেওয়ার পথ খুঁজছেন। ওই প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয় যে যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ছাড়া নেতানিয়াহুর পক্ষে বড় কোনো কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুবই সীমিত।

প্রতিবেদনে আরও বলা হয় যে ইরানে হামলার পরিকল্পনা ফাঁস হওয়ার কারণে ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং এক পর্যায়ে সামরিক অভিযান স্থগিত করার ইঙ্গিতও দিয়েছিলেন। তবে পরবর্তীতে সীমিত কয়েকজন ঘনিষ্ঠ কর্মকর্তাকে নিয়ে নতুন করে পরিকল্পনা সাজিয়ে একই দিন রাতে ওই হামলা চালানো হয়।

এদিকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে সরাসরি এই যুদ্ধে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে আসছেন নেতানিয়াহু। ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি ট্রাম্পকে জানিয়েছিলেন যে তারা ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছেন এবং এখন শুরু করা এই অভিযান যেকোনো মূল্যে শেষ করতে হবে। নেতানিয়াহুর অভিযোগ যে তেহরান ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে এবং গোপনে তাদের পারমাণবিক কর্মসূচির কাজ এগিয়ে নিচ্ছে।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language