ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক স্থাপনা

তেহরান, ৩ এপ্রিল – যুদ্ধ শুরুর পর গত কয়েক সপ্তাহে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ইরানি রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে প্রায় এক লাখ ৪০ হাজার আবাসিক ও বাণিজ্যিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনার পাশাপাশি অন্তত ৩১৬টি স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্র, জরুরি অ্যাম্বুলেন্স সেবা কেন্দ্র এবং ৭৬৩টি স্কুল হামলার শিকার হয়েছে। এমনকি রেড ক্রিসেন্টের নিজস্ব ১৮টি কেন্দ্রও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে রেড ক্রিসেন্টের কর্মীরা নিরলস কাজ করছেন। সংস্থাটির তথ্যমতে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬৯৩টি তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া হতাহতদের খুঁজে বের করতে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির এই বিশাল পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
অন্যদিকে এই সংঘাতের প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি হামলায় গোটা মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জীবন ও অবকাঠামো চরম হুমকির মুখে পড়েছে। ইরানের দাবি, বিপুল সংখ্যক বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোয় দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









