জাতীয়

হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃ*ত্যু, দরজা ভেঙে মরদেহ উদ্ধার

ঢাকা, ৩ এপ্রিল – রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ভাড়া বাসার দরজা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাইদুল আমিন সীমান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, রাতে সীমান্তের রুমমেট তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়।

পরে বাড়ির মালিক ও প্রতিবেশী ফ্ল্যাটের বাসিন্দাদের ডেকে এনে তাদের সহযোগিতায় কক্ষের দরজা ভাঙা হয়। এ সময় তাকে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে রাত ১টা ২৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। হাসপাতালে উপস্থিত নিহতের রুমমেট ও চাচা রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে তাদের ধারণা সীমান্ত বিষাক্ত জাতীয় কোনো দ্রব্য পান করে থাকতে পারেন।

তবে প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন। খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে ভাতিজার নিথর দেহ দেখতে পান বলে জানান রুহুল আমিন। নিহত সাইদুল আমিন সীমান্ত নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে। তিনি নিজের পড়াশোনার সুবিধার্থে হাজারীবাগ এলাকায় ওই বাসাটি ভাড়া নিয়ে বসবাস করতেন। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language