মধ্যপ্রাচ্য

ইরানের বি১ সেতুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নি*হত ৮, আহত ৯৫

তেহরান, ৩ এপ্রিল – ইরানের আলবোরজ প্রদেশের করাজ শহরে অবস্থিত বি১ সেতুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আরও ৯৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক গভর্নরের কার্যালয়। আঞ্চলিক কর্মকর্তাদের তথ্যমতে, এই ভয়াবহ হামলায় আলবোরজের বিলঘান গ্রামের স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা হতাহত হয়েছেন। পাশাপাশি প্রকৃতি দিবস উদযাপনের উদ্দেশ্যে সেতুর আশেপাশে অবস্থানকারী পরিবারগুলোও এই হামলার শিকার হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, রাজধানী তেহরান থেকে করাজগামী মহাসড়কে অবস্থিত এই সেতুটি মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু হিসেবে পরিচিত। গুরুত্বপূর্ণ এই যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। হামলার প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, একটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে, যার কোনো সামরিক ব্যবহার ছিল না। এই ঘটনার পর ইরানের একটি হ্যাকার গ্রুপ প্রতিশোধ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ ব্রিজে হামলার হুমকি দিয়েছে।

তেহরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে দেশের বেসামরিক এবং অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের শিল্প খাতকে দুর্বল করে দেওয়া। এর আগে খুজস্তান, ইসফাহান এবং চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের স্টিল কারখানা, রেড ক্রিসেন্টের ওষুধের গুদাম, বিদ্যুৎ উপকেন্দ্র ও তেহরানের চেম্বার অব কমার্স ভবনেও হামলার ঘটনা ঘটেছিল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২১৬ জন শিশুও রয়েছে।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language