যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৩ এপ্রিল – যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্ডিকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিচ্ছেন বর্তমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাচে। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে টড ব্লাচের দায়িত্ব পাওয়ার বিষয়টি জানান। তবে পাম বন্ডিকে অপসারণের সরাসরি কোনো কারণ তিনি উল্লেখ করেননি।
ট্রাম্প জানিয়েছেন যে বন্ডি বেসরকারি খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন দায়িত্বে যোগ দিতে যাচ্ছেন। ট্রাম্প তার প্রশাসনের অধীনে বন্ডির কাজের প্রশংসা করে তাকে একজন মহান আমেরিকান দেশপ্রেমিক এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও দাবি করেন যে বন্ডির নেতৃত্বে অপরাধ দমনে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে যার ফলে অপরাধের হার ১৯০০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অন্যদিকে সিএনএন এর সূত্রগুলো জানিয়েছে যে একাধিক বিষয়ে বন্ডির ওপর ট্রাম্প অসন্তুষ্ট ছিলেন।
বিশেষ করে জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্রের ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিচারের আওতায় আনতে না পারার বিষয়টি এই অসন্তোষের মূল কারণ। গত মাসে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দেওয়ার পর এবার বন্ডিকে অপসারণ করা হলো। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প তার মিত্রদের সঙ্গে বন্ডিকে বরখাস্ত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। গত বুধবার তিনি ব্যক্তিগতভাবে বন্ডির সঙ্গে কথা বলেন যা ছিল বেশ কঠিন একটি আলোচনা। সেখানে ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দেন যে বন্ডিকে শিগগিরই পদ ছাড়তে হবে।
বন্ডিকে প্রথমে বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে সরকার ছেড়ে বেসরকারি খাতে যাচ্ছেন বলে জানানো হয়। বন্ডি অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও আইনি বাধার মুখে পড়েন। তিনি সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিলেন। কিন্তু প্রসিকিউটরের বেআইনিভাবে দায়িত্ব পালনের কারণে বিচারক উভয় মামলাই খারিজ করে দেন। বিচার বিভাগের পক্ষ থেকে এই রদবদল বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬









