যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দুই বৃহত্তম ইস্পাত কারখানা বন্ধ

তেহরান, ২ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর্যুপরি হামলার কারণে ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা তাদের উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। গত সপ্তাহ থেকে চালানো এসব হামলায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মিজান অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তান স্টিল কোম্পানির অপারেশনস বিভাগের উপপ্রধান মেহরান পাকবিন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ইউনিটগুলো পুনরায় চালু করতে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর সময় লেগে যেতে পারে। হামলায় ইস্পাত কারখানা কমপ্লেক্সের সমস্ত মডিউল এবং ইস্পাত তৈরির চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মধ্যবর্তী ইসফাহান প্রদেশের মোবারাকেহ স্টিল কোম্পানিও তাদের উৎপাদন লাইন সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর আগে বুধবার কোম্পানিটি তাদের ওয়েবসাইটে জানিয়েছিল যে ব্যাপক হামলার পর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া আর সম্ভব নয়।
এই হামলার প্রতিশোধ হিসেবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী বা আইআরজিসি ইসরায়েলের শিল্পাঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ ধরনের হামলা অব্যাহত রাখলে আইআরজিসি আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শিল্প ও সামরিক উৎপাদনে ইস্পাত একটি অত্যন্ত কৌশলগত উপাদান হিসেবে বিবেচিত হয় যা মূলত ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধজাহাজ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









