১৩৩টি অধ্যাদেশ যাচাই শেষে প্রতিবেদন: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা, ২ এপ্রিল – অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই ও বাছাই শেষে একটি প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। এই প্রতিবেদনে ২০টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার ২ এপ্রিল সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। প্রতিবেদনে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা এবং সংশোধনের বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
সংসদীয় কমিটির প্রতিবেদন অনুযায়ী পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে কার্যকর রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিলের সুপারিশ করা হয়েছে।
কমিটি যে ২০টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে তার মধ্যে ১৬টি বর্তমানে বিলুপ্ত হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিল আকারে সংসদে উত্থাপন করবে। বাকি ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনটি সর্বসম্মত হলেও ২০টি অধ্যাদেশের বিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্যরা দ্বিমত পোষণ করে নোট অব ডিসেন্ট বা আপত্তি প্রদান করেছেন। তাদের আপত্তির জায়গাগুলোর মধ্যে রয়েছে অপরিবর্তিত রাখার সুপারিশ করা ৪টি অধ্যাদেশ, সংশোধনের সুপারিশ করা ২টি অধ্যাদেশ, বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকায় থাকা ১১টি অধ্যাদেশ এবং স্থায়ীভাবে বাতিলের তালিকায় থাকা ৩টি অধ্যাদেশ।
সংসদীয় কমিটির এই প্রতিবেদনটি এখন অধিবেশনে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী রূপ দিতেই এই যাচাই ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এনএন/ ২ এপ্রিল ২০২৬









