জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সাক্ষাৎ

ঢাকা, ২ এপ্রিল – বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠক সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং তপন মজুমদার।

বৈঠক শেষে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, তারা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাদের কথা শুনেছেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

জয়ন্ত কুমার দেব আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হওয়া নিপীড়ন, বিচারবঞ্চনা এবং বিভিন্ন স্থানে চাকরিচ্যুতির বিষয়গুলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়েছে। এছাড়া সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, হিন্দু ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং দেবোত্তর সম্পত্তি আইনের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলোও বৈঠকে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাও জানান, প্রধানমন্ত্রী তাদের সকল দাবি ও সমস্যার কথা শুনেছেন এবং তা সমাধানের সুস্পষ্ট আশ্বাস দিয়েছেন।

এনএন/ ২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language